
তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে তিনি কোন দপ্তরের মন্ত্রী হবেন, তা এখনও জানা যায়নি। একটা সময়ে জাতীয় দলকে পরিচালনা করতেন ক্রিকেট মাঠে। এবার চালনা করবেন রাজ্যের কোনও এক দপ্তরকে।
তেলেঙ্গানার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার কাছে শপথবাক্য পাঠ করেন আজহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনেকেই। শপথ নেওয়ার পরে আবেগঘন আজহার বলেছেন, জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ তারিখ। মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের কোনও অধিনায়ক আজ পর্যন্ত কোনও রাজ্যের মন্ত্রী হননি।এর আগে আগস্ট মাসে কংগ্রেসশাসিত তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনয়ন দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। বিধান পরিষদে মনোনয়ন পাওয়ার পরেই শোনা গিয়েছিল, তেলেঙ্গানার ক্যাবিনেটেও জায়গা পেতে পারেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। তেলেঙ্গানার মন্ত্রী হিসাবে শপথ নিলেন। এর আগে অবশ্য আজহার লোকসভার সাংসদ হয়েছেন কংগ্রেসের টিকিটে।
বিশ্লেষকদের মতে, এই সময়ে আজহারকে মন্ত্রী করে দেওয়াটা কংগ্রেসের মাস্টারস্ট্রোক। প্রথমত, তেলেঙ্গানার ক্যাবিনেটে কংগ্রেসের একজন মুসলিম মুখের প্রয়োজন ছিল। আজহার একদিকে যেমন মুসলিমদের প্রতিনিধি, তেমনই গ্রেটার হায়দরাবাদেরও। বর্তমানে ক্যাবিনেটে গ্রেটার হায়দরাবাদের কোনও প্রতিনিধি নেই। সেই অভাব পূরণ করবেন মহম্মদ আজহারউদ্দিন।
