
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ এবং দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই খুন হয়েছেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। এমনটাই দাবি করেছে মূল অভিযুক্ত শুটার শিবকুমার গৌতম।
মুম্বই পুলিশের চার্জশিটে শুটার শিবকুমার গৌতমের এই স্বীকারোক্তিকে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের দাবি, অভিযুক্ত শুটার জেরায় স্বীকার করেছেন, তিনি এবং তাঁর সহযোগী ধর্মরাজ কাশ্যপকে ১০-১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কয়েক মাস ধরে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি এবং তাঁর পুত্র জিশান সিদ্দিকির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। এমনকি সিদ্দিকি বাড়ি এবং কার্যালয়েও রেকি করা হয়। এই খুনের অন্যতম অভিযুক্ত শুভম লোনকরই এই হামলার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেন। শুটার শিবকুমার গৌতমের দাবি, প্রথমে তাদের কাজ সম্পর্কে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, একটা কাজ করে দিতে পারলে ওই টাকা দেওয়া হবে। লোনকরকে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করায় তখন তিনি জানান, বাবা সিদ্দিকি অথবা তাঁর পুত্রকে খুন করতে হবে।
খুনের আগে নিয়মিত তাদের সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ রাখতেন বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। কী করতে হবে সেখানে নির্দেশ দেওয়া হত।
