
যুদ্ধবিরতির মধ্যেই প্যালেস্টাইনে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে হারাল লায়লা আল-খাতিব নামে বছর দুয়েকের এক শিশুকন্যার। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে লায়লার ছোট্ট মাথা।
হামলার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় প্যালেস্টাইনি রেডক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স। কিন্তু শেষরক্ষা হয়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন লায়লার অন্তঃসত্ত্বা মা। ঘটনার পর জেনিনে লায়লার ছবি-সহ বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন নেটাগরিকরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্যালেস্টাইনে মৃতের সংখ্যা ৪৬ হাজার ৭০৭। আহত প্রায় ৯০ হাজার।
অন্যান্য সূত্রের মতে, নিহতের সংখ্যা ইতিমধ্যেই এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত ১৮ হাজারই শিশু। চলতি বছরের ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল এবং হামাস। কিন্তু এখনও পরিস্থিতি বদলায়নি।






