
দিন সাতেকের জঙ্গলমহল সফরে শেষপর্যন্ত খাঁচাবন্দি হল বাঘিনী জিনত। রবিবার দুপুরে বাঁকুড়ার গোঁসাইডিহি জঙ্গলে ধরা পড়ে ওড়িশা থেকে আসা বাঘিনী। রবিবার বিকেলে জিনতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা।
সেই গুলি বাঘিনীর গায়ে লাগে। তাতেই কাবু হয় জিনত। বনদফতরের তরফে জানানো হয়েছে বাঘিনী জিনত সুস্থ রয়েছেন। জিনতকে পুনর্বাসন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সন্ধেয় দু-দুবার ঘুমপাড়ানি গুলি ছুঁড়েও কাবু করা যায়নি ওড়িশার সিমলিপালের জঙ্গ থেকে পালানো বাঘিনীকে। এরপর জঙ্গলের একটা অংশ ঘিরে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জিনতকে খাঁচাবন্দি করার কৌশন নেওয়া হয়। ১৫ নভেম্বর মহারাষ্ট্রে তাডোবা আন্ধারি ব্র্যাঘ্র প্রকল্প থেকে ৩ বছরের জিনতকে ওড়িশার মযূরভঞ্জ জেলার সিমলিপাল ব্র্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল। সেখানে রেডিও কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। সেখান থেকে পালিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায় বাঘ। কয়েকদিন ঝাড়খণ্ড ঘুরে চাকুলিয়া রেঞ্জ দিয়ে রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা দিয়ে বেলপাহাড়ির কাটুচুয়া দিয়ে ঝাড়গ্রামে ঢোকে। এরপর সেখান থেকে পৌঁছে যায় পুরুলিয়ার জঙ্গলে। বাঘের ভয়ে জঙ্গল লাগোয়া স্কুলে কার্যত পড়াশোনা বন্ধ হয়ে যায়।
শনিবার সকালে তার আস্তানা বদলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চলে আসে। আর একদিন জিনতকে খাঁচাবন্দি করতে কার্যত ঘুম উড়ে যায় বনদফতর থেকে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের।






