ইউরোপে রোবোট্যাক্সি আনতে চায় বাইদু

0
102
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অ্যাপোলো গো রোবোট্যাক্সি ব্যবসা এ বছর ইউরোপের বাজারে সম্প্রসারণের পরিকল্পনা করছে চীনের প্রযুক্তি কোম্পানি বাইদু,এমন তথ্য মিলেছে।আগামী কয়েক মাসের মধ্যে সুইজারল্যান্ডে নিজেদের একটি শাখা খোলার ও তুরস্কে স্থানীয়ভাবে কাজকর্ম শুরুর পরিকল্পনা করছে অ্যাপোলো গো।এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কথা বলতে রাজি হয়নি বাইদু।

উল্লেখ্য,চীনা কোম্পানিটির অ্যাপোলো গো রোবোট্যাক্সি ইউনিট সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ চালকবিহীন ট্যাক্সি পরিষেবা পরিচালনা করে। যার মধ্যে বেজিংয়ের একটি শহরতলি ও চীনের অন্যান্য শহর অন্তর্ভুক্ত রয়েছে। এসব ট্যাক্সি সাধারণত সাশ্রয়ী ভাড়ার।এর আগে মার্চ মাসে অ্যাপোলো গো ঘোষণা করেছে, দুবাই ও আবুধাবিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা।

গত সপ্তাহে কোম্পানিটি বলেছিল, হংকংয়েও নিজেদের পরীক্ষামূলক কাজ চলছে তাদের।বাইদু’র বিভিন্ন রোবোট্যাক্সিকে সম্পূর্ণ স্বচালিতভাবে চলার অনুমতি দিয়েছে চীনের স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো।তবে তার আগে সেগুলোকে একাধিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, কখনও নিরাপত্তা চালকসহ, কখনও আবার চালক ছাড়া।