
জমি কেলেঙ্কারি-কাণ্ডে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার স্বামী রবার্ট বঢ়রার আগাম জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আদালত রবার্ট বঢ়রাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর করেছে।
মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৮ মে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র দায়ের করা পিএমএল মামলায় আদালতে হাজির হওয়ার পর এই জামিন পেয়েছেন কংগ্রেস নেত্রীর স্বামী। এই মামলায় ইডি-র অভিযোগ, ২০০৮ সালে বঢ়রার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি গুরুগ্রামের শিকোহপুর এলাকায় প্রায় ৩.৫ একর জমি মাত্র ৭.৫ কোটি টাকায় কিনেছিল।
পরে ২০১২ সালে সেই জমিই রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ-কে প্রায় ৫৮ কোটি টাকায় বিক্রি করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, জমি কেনাবেচার পুরো প্রক্রিয়ায় ভুয়ো তথ্য দেওয়া হয়েছিল এবং প্রভাব খাটিয়ে বাণিজ্যিক লাইসেন্স আদায় করা হয়। ওই প্রক্রিয়ায় অর্থ পাচারের তথ্য উঠে এসেছে বলে ইডি-র দাবি। তবে ব্যবসায়ী রবার্ট সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
