
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট।
চিকিৎসার জন্য আগামী ২২ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। এপ্রিল মাসের ২১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে, সুজয়কৃষ্ণ ভদ্রের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই বাহিনী নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ কালীঘাটের কাকু’র। সুজয়ের বক্তব্য, তাঁর ব্যক্তিগত শৌচাগারে পর্যন্ত ঢুকে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আদালতে তাঁর আইনজীবী জানান, বাড়িতে নজরদারি চালাতে তাঁর মক্কেলের শৌচাগার ব্যবহার করা হচ্ছে। সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকছেন বাহিনীর জওয়ানেরা। সিবিআইয়ের আইনজীবী জানান, কোনও ব্যক্তির উপর নজরদারি চালাতে গেলে তাঁর বাড়িতেই থাকতে হবে বাহিনীর জওয়ানদের। ফলে আশ্রয়-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন বাহিনীর। কালীঘাটের কাকু’কে স্বস্তি দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বাড়ির দরজার বাইরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়ির বাইরে অস্থায়ী নির্মাণ করা হবে। সেখানে জওয়ানদের বসার এবং থাকার জায়গা থাকবে।
উচ্চ আদালত আরও জানায়, সুজয়কৃষ্ণের বাড়িতে চিকিৎসক এবং আত্মীয়েরা যেতে পারবেন। ব্যাঙ্কের একজন কর্মীকেও প্রবেশের অনুমতি দিতে হবে।
