
যাদবপুরকাণ্ডে মঙ্গলবার সৌপ্তিক চন্দ্র নামে আরেক ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রকে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বুধবার আদালতে সৌপ্তিকের আইনজীবী জানিয়েছেন বৃহস্পতিবার তাঁর মক্কেলের পরীক্ষা ছিল। তাই যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। তাছাড়া এফআইআরেও নাম নেই সৌপ্তিকের। অন্যদিকে পুলিশের দাবি সৌপ্তিক প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। সরকারপক্ষের আইনজীবী পাল্টা দাবি করেচেন এই ঘটনায় আগে যাঁরা গ্রেফতার হয়েছিলেন তাদের জেরা করেই সৌপ্তিকের নাম পেয়েছেন।
তাছাড়া সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে। প্রমাণ হিসেবে কিছু নথি এবং ছবিও বিচারককে দেখানো হয়। এরপরেই আদালত সৌপ্তিককে ২৪ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে একই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছে আরেক ছাত্র উজান।
