
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা দু’ বছরেরও বেশি সময় ধরে কোমায় রয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর প্রশিক্ষণের সময় হৃদযন্ত্রের সমস্যার কারণে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রাজকন্যা বাজরাকিতিয়াভা মহিদল।
তখন থেকেই তিনি অচেতন রয়েছেন।রাজপ্রাসাদ কার্যালয় দু’ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো তার শারীরিক অবস্থা নিয়ে জানিয়েছে।তিনি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন। এরপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে, চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।উল্লেখ্য, নাখন রাতচাসিমা প্রদেশের খাও ইয়াই ন্যাশনাল পার্কে ২০২২ সালে সামরিক কুকুর প্রশিক্ষণ সেশনে দৌড়ানোর সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন রাজকন্যা। এরপর তাকে প্যাক চং নানা হাসপাতালে নেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে ব্যাংককের কিং চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।রাজপরিবারের ব্যুরো থেকে বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দল জানিয়েছে তার রক্তচাপ এখনও নিম্ন স্তরে রয়েছে, যার জন্য তার ক্রমাগত চিকিৎসার প্রয়োজন।উল্লেখ্য, থাইল্যান্ডে,রাজকুমারী ভা নামে পরিচিত। ৪৬ বছর বয়সী এই রাজকন্যা রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান।অন্যদিকে ৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ন চারটি বিয়ে করেছেন এবং তার সাতটি সন্তান রয়েছে।ব্রিটেন,আমেরিকা ও থাইল্যান্ডে শিক্ষিত রাজকন্যা বাজরাকিতিয়াভা রাষ্ট্রসংঘে বিভিন্ন পদে কাজ করেছেন এবং কারাগারে মহিলাদের উন্নততর অধিকার নিয়ে প্রচারণা চালিয়েছেন।তাকে তার বাবার ঘনিষ্ঠ হিসেবে দেখা হয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার এক বছর আগে তাকে তার দেহরক্ষী কমান্ডে একজন সিনিয়র পদে নিযুক্ত করা হয়েছিল।
অন্যদিকে রাজা তার নির্বাচিত উত্তরাধিকারী ঘোষণা করেননি। যদিও উত্তরাধিকার আইন অনুযায়ী পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়।









