
সম্প্রতি বালোচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে পাকিস্তানের ৫১ টি জায়গায় ৭১ টির বেশি হামলা চালিয়েছে তারা। শুধু তাই নয়, পাকিস্তানকে বিশ্বশান্তির অন্যতম কাঁটা হিসেবে উল্লেখ করে ভারতের কাছে সামরিক সাহায্যের আর্জি জানানো হয়েছে।
বিএলএ মুখপাত্র জিয়ন্দ বালোচ পাকিস্তানকে নিশানা করে বিবৃতি প্রকাশ করে বলেছেন, গত এক সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম সামরিক উত্তেজনার মাঝেই পাক সেনার বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছে। ৫১টি জায়গায় ৭১টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার নিশানায় ছিল পাক সেনার কনভয়, গুপ্তচর দফতর ও খনিজ পরিবাহী যানবাহন।
এই সপ্তাহেই পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন ফ্রন্ট খুলেছে তারা। সম্প্রতি হামলাগুলি শুধুমাত্র ধ্বংসাত্মক উদ্দেশে নয় বরং আগামীদিনে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যে করা হয়েছিল। যদিও সূত্রের খবর, বালোচের তরফে সাহায্যের আর্জির পালটা ভারতের তরফে জানানো হয়েছে, কূটনৈতিক আদর্শ মেনে ভারত বালোচ লিবারেশন আর্মিকে কোনওভাবেই সমর্থন করবে না।
