
গুটখা ও তামাক ও তামাকজাত যাবতীয় পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি শাসিত ওড়িশা সরকার। এমনিতে ২০১৩ সাল থেকেই ওড়িশায় প্রকাশ্যে গুটকা ও তামাকজাত যাবতীয় পণ্য প্রকাশ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল।
সেই নির্দেশকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে। এবং এবার থেকে সে রাজ্যে এই ধরনের পণ্য উৎপাদন, মজুত এবং বিক্রি, সবগুলিই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে বিড়ি এবং সিগারেটকে এর আওতায় আনা হয়নি। উল্লেখ্য ২০১১ সালে তামাকযুক্ত পানমশলা ও গুটখা নিষিদ্ধ করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে আইন বাঁচিয়ে মশলা ও জর্দা আলাদাভাবে উৎপাদন ও বিক্রি হচ্ছিল। নেশাড়ুরা মশলা ও জর্দা আলাদাভাবে কিনে মিশিয়ে খাচ্ছেন। ফলে কাজের কাজ হচ্ছে না। এবার ওই বিক্রিও নিষিদ্ধ করে দিয়েছে ওড়িশা সরকার।মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুটকা পানমশলা বা অন্য কোনও খাদ্যপণ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক ব্যবহার করা যাবে না।
নিকোটিন সমৃদ্ধ কোনওরকম কোনও জিনিসই প্রকাশ্যে বিক্রি করা যাবে না।এমনকী মশলা ও জর্দা আলাদাভাবে বিক্রিও বন্ধ করছে ওড়িশা সরকার।
