
বুলেটের ক্ষতগুলোতে একটা ব্যান্ড এইড লাগানো হল।এভাবেই কেন্দ্রীয় বাজেটের কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বঞ্চনার কথা তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এক্স পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, বুলেটের ক্ষতগুলোতে একটা ব্যান্ড এইড লাগানো হল। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্য়ে ভারতের অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য় পুরো নজিরটাকেই বদল করা উচিত ছিল। কিন্তু এই সরকার ভাবনার দিক থেকেও দেউলিয়া হয়ে গিয়েছে।শনিবার কেন্দ্রীয় বাজেটের নজর ছিল ভোটমুখী বিহারেই।এই প্রসঙ্গ তুলেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, বাজেটে ঘোষিত অধিকাংশ প্রকল্প সরকারের সামর্থ্যের বাইরে।এই বাজেট বিহারের ভোটারদের প্ররোচিত করছে৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত।ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের কথায়, দিশাহীন বাজেট। বাজেটে নতুন কিচ্ছু নেই।
যদিও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গকে প্রকল্প দিয়ে কী হবে। রাজ্য সরকার তো লড়াই করতে ব্যস্ত।






