বন্দে ভারতের নতুন যাত্রাপথ জম্মু-শ্রীনগর 

0
42
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
কাটরার পরিবর্তে এবার জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। একইসঙ্গে যাত্রী বহন ক্ষমতা বাড়াতে ৮ – র পরিবর্তে ওই ট্রেনে থাকবে ২০ টি কোচ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বর্ধিত জম্মু তাওয়াই-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন।
আগামী ২ মে থেকে নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করবে ট্রেনটি। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বন্দে ভারতকে জম্মু পর্যন্ত বর্ধিত করা হয়েছে যা এক বছর পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত সূচনা করেছিলেন। তা বর্তমানে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত করা হয়েছে।
পাশাপাশি তিনি আরও বলেছেন, যে বন্দে ভারত আগে ৮ কোচের ছিল তা বর্তমানে ২০ কোচের করা হয়েছে। বন্দে ভারত কর্মসূচির সূচনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এতদিনে জম্মুকে রেলের মাধ্যমে কাশ্মীরের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে। এই সম্প্রসারণের ফলে মানুষ এখন আরও অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।