
এবার বদল করে দেওয়া হয়েছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত স্টেডিয়ামের নাম। এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম একটি বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামের নামবদলের কথা জানিয়েছেন। নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার সত্বেও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে রাজনৈতিক দলের মর্যাদা ফেরায়নি। এমনই অভিযোগ করেছেন জামাত প্রধান -আমির শফিকুর রহমান। একইসঙ্গে কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, জামায়াত এক মাত্র দল, যে দলের স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলের স্বীকৃতি ফেরত পাওয়া যায়নি। স্বীকৃতির জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়।
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গত অগাস্টেই মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। কিন্তু শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী-র অভিযোগ, এখনও সে দেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে তাঁদের স্বীকৃতি ফিরিয়ে দেয়নি।
