
মাত্র ৬০ ঘণ্টার মধ্যে বেঙ্গালুরুর বহুলচর্চিত এটিএম ক্যাশ ভ্যান ডাকাতির মূল চক্র ধরে ফেলেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৫ কোটি ৭৬ লক্ষ টাকা।
বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই ক্যাশ ভ্যানটিকে দক্ষিণ বেঙ্গালুরুর এক উড়ালপুলের উপর আটকানো হয়। দুষ্কৃতীরা নিজেদের আরবিআই কর্তা বলে পরিচয় দিয়ে কর্মীদের জানায়, আরবিআইয়ের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁদের সংস্থার বিরুদ্ধে। সেই কারণে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই কর্মীদের যেতে হবে থানায়। মাঝপথে ওই ক্যাশ ভ্যান থেকে ৭ দশমিক ১১ কোটি টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। আরবিআই কর্তা বলে ভুয়ো পরিচয় দিয়ে ক্যাশ ভ্যান থেকে সাত কোটি টাকা লুটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন এক জন পুলিশ কনস্টেবল। এ ছাড়াও, ওই ক্যাশ ভ্যানের ইনচার্জ এবং সংশ্লিষ্ট সংস্থার প্রাক্তন এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এই গ্রেফতারির কথা জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্তকুমার সিংহ। সংবাদসংস্থা সূত্রে খবর, পুলিশ কমিশনার জানিয়েছেন, ধৃতদের থেকে লুট হওয়া সাড়ে পাঁচ কোটির বেশি নগদ উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজ চলছে।
