
ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার পথে হুগলির বাঁশবেড়িয়ার কাছে আচমকাই গঙ্গায় বাংলাদেশি কার্গো বার্জ ডুবে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যে সন্দেশখালি থেকে শ্রমিক এনে বার্জটি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
তারপর মেরামত করে পণ্যবাহী বার্জটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সপ্তাহ খানেক সময় লাগবে। জানা গিয়েছে, বাংলাদেশি ওই কার্গো বার্জটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশের কার্গো বার্জটি। কিন্তু দেশে ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা। বার্জের কর্মীরা জানান, আচমকাই বার্জের তলায় একটি শব্দ হয়। তারপরই সেখান থেকে জল ঢুকতে থাকে। জল ভরে গেলে ধীরে ধীরে কাত হয়ে যায় সেটি।
চালকের কেবিন ছাড়া সেটি পুরোটাই গঙ্গায় ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন কর্মীরা। পরে ছাই খালি করে ওজন কমিয়ে বার্জটি তোলার চেষ্টা চলছে।









