
১২ ফেব্রুয়ারি, রমজান মাস শুরুর আগেই বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। ইউনূসের দফতরের মুখ্যসচিব এম সিরাজউদ্দিন মিঁয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছেন।
উল্লিখিত সময়সীমার মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগে,প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছে মুহাম্মদ ইউনূসের দফতর।
বস্তুত, ওই চিঠির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল।এর আগে জাতির উদ্দেশে ভাষণে মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন,শেইখ হাসিনার জমানায় দেড় দশক ধরে বাংলাদেশের নাগরিকেরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাননি।
