
বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছরের বেশি সময় লাগবে। এমনটাই জানিয়েছেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস-এ মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত আলোচনাসভায় এম সাখাওয়াত হোসেন বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে।
অগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু এবার মুহাম্মদ ইউনূস-ঘনিষ্ঠ নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার মন্তব্য প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।







