
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর। এমনটাই দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এই মন্তব্যের প্রতিবাদে সোমবার বেশি রাতের দিকে একটি বিবৃতি প্রকাশ করে মহম্মদ ইউনূস প্রশাসন। বিবৃতিতে তাদের দাবি, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত।
ঢাকার ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি করেছে। ভারত সফরে এসে সোমবার প্রথমে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তুলসী গাবার্ড। ওই সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দাপ্রধান জানান, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন নিয়ে উদ্বেগে রয়েছে আমেরিকা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, কোনও নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি না করেই ওই মন্তব্য করেছেন গাবার্ড। আমেরিকার গোয়েন্দাপ্রধানের মন্তব্য গোটা বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিত ভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি মহম্মদ ইউনূস প্রশাসনের।
