
কলকাতার নিউটাউনে এক বহুতলে খুন করা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ঢাকা মহানগর পুলিশ ৩ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে। মনে করা হচ্ছে এরাই ঝিনাইদহ-৪ আসন আসনের আওগামী লীগ সাংসদকে কলকাতায় খুন করে বাংলাদেশে চলে যায়।বুধবার সকালে কলকাতার নিউটাউন থাকদাড়ি এলাকায় সঞ্জীবা আবাসনে ওই সাংসদের খুনের রহস্য কিনারা করতে তল্লাশি শুরু করেছে বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। খবর, ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম।তার ২ দিন পরেই বরানগরের স্বর্ণ ব্যবসায়ী তথা পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসকে বলে তিনি সেই যে বেরিয়ে যান, তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরমধ্যে একবার হোয়াটস আপের তিনি ভিআইপিদের নিয়ে দিল্লি যাচ্ছেন বলে গোপাল বিশ্বাস ও তাঁর পরিবারে, মেয়ে মুমতারিন ফেরদৌসকে জানালেও ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর তাঁর পরিবারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করা হলে, তৎপর হয় ভারত এবং বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দারা। সেই তদন্তের জের ধরেই নিখোঁজ হওয়ার ৮ দিন পরে বুধবার সকাল থেকে কলকাতার নিউটাউনে বহুতলে তল্লাশি শুরু করে গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা ও কয়েকজন-সহ সাংসদ আনোয়ারুল আজিম ওই ফ্ল্যাটে প্রবেশ করছেন। এখনও পর্যন্ত ফ্ল্যাটে রক্তের দাগ পাওয়া গেলেও কোনও দেহ পাওয়া যায়নি। ফ্ল্যাটের একটি বন্ধ ঘর বায়োমেট্রিক এবং সেন্সর দিয়ে লক করা। ওই ঘরেই বাংলাদেশের সাংসদকে ডেকে খুন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। এই মুহূর্তে পুলিশ লক ভাঙার চেষ্টা করছে।







