
আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম খুনের তদন্তে বাংলাদেশে গিয়েছেন সিআইডি-র দুই সদস্যের একটি দল। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি জানিয়েছেন, সিআইডি-র দুই সদস্য বাংলাদেশে ঝিনাইদহ-৪ আসন আসনের আওয়ামী লীগের সাংসদ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত-সংশ্লিষ্ট আধিকারিক ও পরিবারের সঙ্গে কথা বলবেন।ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেছেন, সিআইডি-র দুই সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার সন্দেহভাজন তিন অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করবেন। বুধবারই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের নাগরিকরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।উল্লেখ্য, চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আওয়ামী লীগের সাংসদ আনওয়ারুল আজিম। কলকাতায় এসে প্রথমে তিনি উঠেছিলেন বরাহনগরে এক বন্ধুর ফ্ল্যাটে। দিন দু’য়েক সেখানে থাকার পর একদিন বাড়ি থেকে বেরোন আনওয়ারুল আজিম। আর ফিরে আসেননি তিনি। আনওয়ারুল আজিমের বন্ধু গোপাল বিশ্বাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পরে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।
