
এবার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। এমনটাই ঘোষণা করেছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইকবাল হোসেন।
পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোনও বিমান যোগাযোগ নেই। এই পরিষেবা চালু হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন মহম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশে কবে বিমান উড়বে, তা অবশ্য খোলসা করেনি দূতাবাস। এই ধরনের বিমান পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তারা। শীঘ্রই তা চালু হবে বলে ইঙ্গিতও মিলেছে। দুই দেশের গভীর এবং দৃঢ় সম্পর্ক উল্লেখ করে মহম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, সরাসরি বিমান পরিষেবা চালু হলে শুধু যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নয়, পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যের ক্ষেত্রেও লাভবান হবে ঢাকা এবং ইসলামাবাদ।পাকিস্তানে প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন হাই কমিশনার।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, পাকিস্তানের ওই প্রদেশে স্বাস্থ্য এবং বৃহৎ শিল্পে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশে উৎপন্ন পণ্যের চাহিদাও পাকিস্তানে বেশি।
