
শুক্রবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’সপ্তাহের মধ্যে ফের দু’দিনের সফরে আসছেন তিনি।
এই সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় ২টোয় ঢাকা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হবে। ওই দিনই রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবারই দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দুই রাষ্ট্র নেতার বৈঠকে গঙ্গা জলবণ্টন চুক্তি, তিস্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মংলা বন্দরের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হতে পারে। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তারপর ফের রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শনিবার সন্ধ্যা ৬টায় দিল্লি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









