
বাংলাদেশে জুলাই সনদ কার্যকর করা নিয়ে গণভোটের (রেফারেন্ডাম) পক্ষেই রায় দিল বাংলাদেশ।ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লক্ষ ৭৪ হাজার ৪২৯।
না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার ৬২৭। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে,২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন।ঘোষণা না হওয়া তিনটির মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন,বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন পেয়েছে।
এর আগে,শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল, আদালতে মামলা চলায় এসব আসনের ফল ঘোষণা করা হবে না।তবে এরই মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই আসনের গেজেট না প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।



