
গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,আইসিটি।
বলা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেফতারের উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকারের আবেদন মেনে এই বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলকে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রবিবার ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে নোটিস জারির অনুরোধ জানানো হয়। তিনি বলেছেন,শেখ হাসিনা যে হেতু মানবতা-বিরোধী অপরাধে অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলে আছে। কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গিয়েছেন। সে কারণে আন্তর্জাতিক পুলিশি সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং অন্তত রেড অ্যালার্ট জারি করে, সেই বিষয়ে অনুরোধ পাঠানো হয়েছে।উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন পর্বে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ-এর অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলার প্রেক্ষিতে ১৭ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইটিসি।দু’টি মামলার মধ্যে একটি কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র মহম্মদ মেহেদীর বাবা মহম্মদ সানাউল্লাহ দায়ের করেছিলেন। অপরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত নেতা আরিফ আহমেদ সিয়ামের বাবা মহম্মদ বুলবুল কবির।
শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, তাঁর সরকারের মন্ত্রী, দল আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠন এবং কয়েক জন সরকারি আধিকারিকের নামেও অভিযোগ করা হয়েছিল।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
