
বাংলাদেশের জাতীয় স্লোগান বঙ্গবন্ধুর জয় বাংলা আর থাকছে না। অন্তর্বর্তীকালীন সরকারের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের ২০২০ সালের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট।
২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের দুই বিচারপতি জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিলেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চের রায়ে বলা হয়েছিল, আদালত ঘোষণা করছে যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।একই সঙ্গে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। এরপর ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এর বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করে মুহাম্মদ ইউনুস সরকার। ২০২০ সালের ১০ মার্চের রায়ে স্থগিতাদেশ চান সরকারি আইনজীবী।মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দিয়েছেন।বাংলাদেশ সরকার পক্ষের হয়ে সওয়াল করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের ফলে জয় বাংলা স্লোগান আর বাংলাদেশের জাতীয় হিসেবে বিবেচিত হবে না। উল্লেখ্য, এইসঙ্গে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণার বিরুদ্ধেও আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
