
বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সংসদে এমনই বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। আর তা নিয়ে আগেই ভারত উদ্বেগ প্রকাশ করেছে। এই ইস্যুতে বৃহস্পতিবার সংসদে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, বাংলাদেশে ভাঙচুর ও নানান ঘটনার কথা রিপোর্ট হয়েছে গত কয়েক মাসে। কেন্দ্রীয় সরকার এগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে ঢাকার তাঁতিবাজারে হামলা ও ২০২৪ সালে দুর্গাপুজোর সময় সাতখিরায় ঘটনাও এরমধ্যে রয়েছে। এই ইস্যুতে ভারতের স্পর্ষ্ট বার্তা, বাংলাদেশ যেন তার সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষত সংখ্যালঘুদের। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, ভারত সরকার, বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে সনাতনী সম্প্রদায়, সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয়স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
সংখ্যালঘু-সহ বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।
