
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেও বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তবে তার জন্য ওই সময়ের মধ্যে পর্যাপ্ত সংস্কার এবং বিচারের বিষয়ে অগ্রগতি প্রয়োজন।
সে কথাও তারেক রহমানকে জানিয়ে দিয়েছেন ইউনূস। লন্ডনের ডরচেস্টার হোটেলে তাঁদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর যৌথ ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে।সেখানেই ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে উল্লেখ করা হয়েছে।এর আগে ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর ৮ অগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।বাংলাদেশে রাজনৈতিক সেই পালাবদলের পর তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের এটাই প্রথম বৈঠক।
বাংলাদেশে প্রয়োজনীয় কিছু সংস্কারের পর সাধারণ নির্বাচন আয়োজন করাই ছিল অন্তর্বর্তী সরকারের কাজ। বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু কিছু দিন আগে মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন, ২০২৬ সালের এপ্রিল মাসের আগে নির্বাচন সম্ভব নয়। এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। ইউনূসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বি এন পি।
