
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজ়ওয়ানা হাসান বলেছেন, নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্যদেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার তো কোনও সুযোগ থাকে না।এদিকে,নির্বাচনের আগে বাংলাদেশ প্রধান যুযুধান দু’ দল, বিএনপি এবং জামাত-ই-ইসলামির মধ্যে ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে রিজ়ওয়ানা বলেছেন, নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে, একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। যে দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করবার জন্য কথা বলবে। এটা তো খুব স্বাভাবিক কথা।
কোনও কোনও জায়গায় হয়তো ভব্যতা-সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না। সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও।





