বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বাংলাদেশের

0
95
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি নিশ্চিত করেছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের,বিসিবির ওপর কোনো ধরনের শাস্তি বা জরিমানা আরোপ করা হবে না। একই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি বিশ্ব আসর আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে লাহোরে আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আইসিসি এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না। একই সঙ্গে এ বিষয়েও সম্মত হওয়া হয়েছে যে, বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটি ,ডিআরসি-তে যাওয়ার অধিকার সংরক্ষণ করবে। এই অধিকার আইসিসির বর্তমান বিধিমালার আওতায় বিদ্যমান থাকবে এবং অক্ষুণ্ন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইসিসির দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা ও ন্যায়সংগততার নীতিতে পরিচালিত এবং শাস্তির পরিবর্তে সহায়ক সমর্থন প্রদানের যৌথ উদ্দেশ্যকে প্রতিফলিত করে।এই সমঝোতার অংশ হিসেবে আরও সিদ্ধান্ত হয়েছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০৩১-এর আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে।