
দেশের ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা এম নাজিমুল ইসলাম। তার প্রতিবাদে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ক্রিকেটারেরা।
সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্তও সেই নাজমুল ইসলাম পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও শুরু হয় নি। আরও সমস্যা ঘনাচ্ছে সে দেশের ক্রিকেট বোর্ডে। এর আগে,বুধবার গভীর রাতেই ঢাকা ক্রিকেট লিগের সব ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার কোনও ম্যাচই হয়নি। দুপুরে ঢাকার একটি হোটেলে সাংবাদিক বৈঠকের কথা রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মহম্মদ মিঠুন। তার পরেই বিপিএলের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে,ভারতীয় বোর্ডের একটা নির্দেশ সমস্যায় ফেলে দিয়েছে গোটা বাংলাদেশ ক্রিকেটকেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার দাবিতে অনড় বাংলাদেশ কর্তারা। তাঁদের নিজেদের দেশের ক্রিকেটারেরাই এখন বিদ্রোহ শুরু করেছেন।ক্রিকেটারেরা নিজেদের অবস্থানে অনড় থাকবেন বুঝে বিসিবি একটি বিবৃতি দেয়। সেখানে তারা আবারও জানায়, এক ব্যক্তির মন্তব্যের কারণে ক্রিকেটারেরা যে ক্ষুব্ধ সেটা তারা বুঝতে পারছে।
কঠোর হাতে এবং নিয়ম মেনে এই ধরনের ঘটনা সামলানোর আশ্বাস দেওয়া হয়। নাজমুলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সে কথাও বলা হয়। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের অনুরোধ করা হয়, দেশের গৌরবের কথা ভেবে তাঁরা যেন বিপিএলের ম্যাচ খেলেন। কিছু ক্ষণ পরেই নাজমুলকে কারণ দর্শানোর চিঠি পাঠায় বিসিবি।









