
অশান্তির আবহে ত্রিপুরা সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ।সূত্রের খবর, ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ধানপুর গ্রামে বাসিন্দা শঙ্করচন্দ্র সরকার এবং তাঁর পরিবারের নয় সদস্যকে।
শঙ্কর সরকারের সঙ্গে ভারতে এসেছেন তাঁর স্ত্রী, সন্তান, ভাই এবং বাবা। শঙ্কর সরকার দাবি করেছেন, বাংলাদেশে তাঁরা নিরাপদ নন। ক্রমাগত হুমকি আর হামলার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ দায়েরও করা যাচ্ছে না। অটো চালিয়ে রোজগার করেন। কিন্তু এখনও তাও দুঃসাধ্য হয়ে উঠেছে। শান্তির খোঁজে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন। যদি জেলে যেতে হয় যাবেন। বাংলাদেশে ফিরবেন না। অন্যদিকে আমবাসা রেলপুলিশ আধিকারিক পিন্টু দাস বলেছেন, তাঁরা খবর পান বাংলাদেশের একটি পরিবার আমবাসা স্টেশনে জড়ো হয়েছে। তারা একটি অটোতে করে স্টেশনে এসেছিল। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা জানান যে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন।
দলে তিন জন পুরুষ, ছয় মহিলা এবং একটি শিশু রয়েছে। রেলপুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, জেরায় তাঁরা স্বীকার করেছেন যে, ধলাই জেলার কমলপুর হয়ে ত্রিপুরায় ঢুকেছেন। যাচ্ছিলেন শিলচর।









