
গত চার মাসে উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি করেছে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা।
তিনি আরও বলেছেন, অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য আরও আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা। যে জায়গাগুলিতে ফেন্সিং ছিল না, সেখানে ফেন্সিং দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এ দেশে অনুপ্রবেশ সমস্যা নিয়ে তাঁরা জানান, উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১ হাজার ৯৩৭ কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ। বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
সীমান্তে পারাপারের জায়গায় বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে চলতি বছরে এ পর্যন্ত ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয় পাকড়াও হয়েছেন।
