
হোল্ডিং সেন্টার আদতে ডিটেনশন ক্যাম্প। সাংবাদিক বৈঠক করে নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে অল-আউট আক্রমণে নেমেছে বিরোধীদল তৃণমূল কংগ্রেস।
এই ঘটনার তীব্র বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে হোল্ডিং সেন্টার বলুক না কেন, এটা আদতে ডিটেনশন সেন্টার ছাড়া আর কিছুই নয়! অসমের পর এবার বাংলাতেও এরা এই বিভেদের রাজনীতি আমদানি করছে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রের সরকারকে এক যোগে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ও।
সুপ্রিম কোর্টে সম্প্রতি পুশব্যাক সংক্রান্ত মামলায় কেন্দ্রের নতিস্বীকারের প্রসঙ্গ টেনে বাবুল বলেছেন, স্রেফ সন্দেহের বশে বা গায়ের জোরে কীভাবে কাউকে এভাবে আটকে রাখা যায়? তাহলে সীমান্ত পাহারার নামে বিএসএফ এতদিন কী করছিল? অনুপ্রবেশ আটকাতে হলে তো তা দেশের আন্তর্জাতিক সীমান্তেই আটকানো উচিত ছিল।






