বাংলাদেশি-রোহিঙ্গা চিহ্নিতকরণের কাজ শুরু উত্তরপ্রদেশে

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলার সময় পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকে যাতে কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা উত্তরপ্রদেশে আশ্রয় না নিতে পারেন, তার জন্য পদক্ষেপ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার।

অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। অনুপ্রবেশকারীদের দ্রুত শনাক্তকরণের জন্য দিন কয়েক আগেই সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পরই এই তৎপরতা।এক বিবৃতি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। আর সে কারণেই অবৈধ ভাবে যাঁরা উত্তরপ্রদেশে প্রবেশ করছেন বা করার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে, এটি একটি সংগঠিত চক্র। বিপুল সংখ্যায় সন্দেহজনক বাংলাদেশি এবং রোহিঙ্গা জেলায় জেলায় ছড়িয়ে রয়েছেন।সূত্রের খবর, রাজ্যে জুড়ে যে অভিযান চালানো হচ্ছে, সেটি শুধু চিহ্নিতকরণের কাজই নয়, অনুপ্রবেশের শিকড় খুঁজে বার করে তা উপড়ে ফেলার একটা প্রচেষ্টাও বটে। উল্লেখ্য দু’দিন আগেই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে কোন কোন পুরসভা এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন, তাঁদের একটি তালিকা তৈরি করতে হবে।

শুধু তা-ই নয়, তাঁরা কোন কোন কাজে জড়িত তা চিহ্নিত করতে হবে। সেই সব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের নিজের নিজের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশের পরেই জেলা প্রশাসনগুলি তৎপরতার সঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।