
শিয়ালদা এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের কাছ একটি গেস্ট হাউসে থাকছিলেন বেবি বিশ্বাস নামে ওই মহিলা।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরে বেড়াতে দেখে এনআরএস আউটপোস্টের কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। তাঁরাই প্রথমে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিন কয়েকদিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে থাকছিলেন। তবে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত মহিলা প্রথমে পুলিশকে জানিয়েছেন, দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন। তারপর মুম্বই চলে গিয়েছিলেন কাজের খোঁজে। কিন্তু সেখানে কাজ পাননি। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেন ধরে কলকাতায় ফিরে এসেছেন।
