বাংলাদেশি মহিলাকে ধর্ষণ-খুন, থেঁতলানো হল মাথা 

0
1045
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করে খুন ও পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, মহিলার বয়স ২৮ বছর।

গত ছ’বছর ধরে তিনি বেঙ্গালুরুতে থাকছিলেন। বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তাঁর স্বামী এবং তিন সন্তান রয়েছে। পাসপোর্ট ছাড়া বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয় একটি লেকের ধার থেকে। মৃতের স্বামীর বয়ান অনুযায়ী, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার মহিলা কাজ করতে গিয়েছিলেন। দুপুর নাগাদ ফেরার সময়েও এলাকার অন্য পরিচারিকারা তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি একটি কাজের কথা বলে অন্যত্র চলে যান। স্বামীকে ফোন করে আধ ঘণ্টার মধ্যে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন মহিলা। কিন্তু সন্ধ্যার পরেও তিনি ফেরেননি। এর পর তাঁর স্বামী অনুসন্ধান শুরু করেন। মহিলাকে না-পেয়ে পুলিশের দ্বারস্থ হন। শুক্রবার সকালে লেকের ধার থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। স্বামী তাঁকে শনাক্তও করেন। তাঁর দেহের পাশে ব্যাগ, চুড়িদার, হাওয়াই চটি এবং মোবাইল ফোন ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বেঙ্গালুরু পূর্বের ডিসিপি ডি দেবরাজা বলেছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছে। তাঁকে যৌন নির্যাতনও করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।