গুয়াহাটিতে আটক বাংলাদেশি তরুণী, পশ্চিমবঙ্গের জাল আধার

0
29
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বেআইনিভাবে ভারতে প্রবেশ এবং জালিয়াতির আশ্রয় নিয়ে এ দেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করার অপরাধে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে হাতেনাতে ধরা পড়েছেন এক বাংলাদেশি তরুণী। কেন্দ্রীয় গোয়েন্দা ও বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ওই তরুণীকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি জাল আধার কার্ড উদ্ধার করেছেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় নথি খতিয়ে দেখে জানা গিয়েছে, ভুয়ো ওই আধার কার্ডে তাঁর ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের এক অঞ্চলের। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর কাছ থেকে যে আধার কার্ডটি উদ্ধার হয়েছে, তাতে তাঁর নাম লেখা রয়েছে পূজা দাস এবং সেখানে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গের একটি এলাকা। তদন্তকারীদের দৃঢ় বিশ্বাস, ভারতে নিজেদের বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার এবং গা ঢাকা দেওয়ার উদ্দেশ্যেই এই জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছিল। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ধৃত তরুণী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চেপে বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এসে নামেন। বিমান বন্দরে নেমে যখন তিনি নিজের লাগেজ বা জিনিসপত্র সংগ্রহ করছিলেন, ঠিক তখনই সেখানে মোতায়েন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মীদের নজরে পড়ে তাঁর কিছু সন্দেহজনক গতিবিধি।

এর পরই আধিকারিকরা তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী স্বীকার করেন যে তিনি আদতে বাংলাদেশের নাগরিক। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য আজারা থানার বর্ডার ব্রাঞ্চ বা সীমান্ত শাখার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী কোনও আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহায়তায় ভারতের ত্রিপুরা সীমান্ত পেরিয়ে এ দেশে অনুপ্রবেশ করেছিলেন।