
ব্যাঙ্ককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ববৈঠক হবে বলে এখনও আশা রাখছেন, জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন।উল্লেখ্য তাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। জসীম উদ্দিনও সেখানেই রয়েছেন।
সেখান থেকেই সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী এবং মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে এখনও তাঁরা আশাবাদী। তবে নয়াদিল্লির তরফে এখনও এ বিষয়ে কোনও ইতিবাচক বার্তা আসেনি।জসীম উদ্দিন জানিয়েছেন, তাঁদের তরফে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাঁর কথায়, বাংলাদেশের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে। অবশ্যই আশা রাখা হচ্ছে,এই বৈঠক হবে। উল্লেখ্য,ব্যাঙ্ককে বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে বুধবার থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এই সম্মেলনে যোগ দেবেন। একই সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই সময়েই আলাদা করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইউনূস। কিন্তু গত শুক্রবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বাংলাদেশের নাম না-করে বলা হয়েছিল, বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় কোনও দ্বিপাক্ষিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যোগদানের পরিকল্পনা নেই।উল্লেখ্য,গত বছর অগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনূস কিছু দিন আগেই বেজিঙে গিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করেছেন।
ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,চিন সফর চূড়ান্ত করার অনেক আগে ইউনূস ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর অন্তর্বর্তী সরকার ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু ভারত থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
