
ডিজিটাল গ্রেফতারির পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেশিরভাগ সময়েই দেখা যায় প্রতারকেরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না।
কারণ এতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তৃতীয় কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয় এক্ষেত্রে। এগুলিকে অনেকটা ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যায়। সম্প্রতি এই ভাড়া নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি পেমেন্ট গেটওয়ে তৈরি করে ফেলেছে প্রতারকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্র এই ধরনের ভাড়াটে অ্যাকাউন্ট ব্যবহার করছে। সেগুলি ব্যবহার করে অনলাইন লেনদেনের কিছু বেআইনি মাধ্যম তৈরি করে ফেলেছে প্রতারকেরা। গুজরাট পুলিশ এবং অন্ধ্রপ্রদেশ পুলিশ সম্প্রতি দেশের একাধিক প্রান্তে হানা দিয়েছিল। সেই অভিযান চলাকালীনই এই তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই ভাড়া নেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোঁজে প্রতারকেরা।
মূলত ব্যবহার হয় টেলিগ্রাম এবং ফেসবুক। কখনও ভুতুড়ে সংস্থা আবার কখনও কোনও ব্যক্তির নামে থাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সাধারণত বিদেশ থেকে পরিচালিত হয়।








