
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।
সোমবার মামলার শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, অন্তর্বর্তী আবেদন নিয়ে পরে নির্দেশ দেওয়া হবে। এই শুনানিতে মূল বিতর্কের পাশাপাশি নতুন করে উঠে আসে আর একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। কালীঘাটের তৃণমূল নেতৃত্বের পক্ষে দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন যে মামলা দায়ের করেছেন, সেই মামলা করার বৈধ আইনি অধিকার তাঁদের রয়েছে কি না, তা নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী এস. ভি. রাজু দাবি করেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই মামলা দায়েরের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে কি না, তার কোনও প্রমাণ আদালতের সামনে আনা হয়নি। তাঁর বক্তব্য, জাতীয় কার্যনির্বাহী কমিটিই দলের নীতিনির্ধারণী সংস্থা। ডেরেক ও’ব্রায়েন ওই কমিটির একজন সদস্য হলেও তিনি নিজে কোথাও উল্লেখ করেননি যে জাতীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে এই মামলা করার অনুমতি দিয়েছে। সেই কারণে, যথাযথ অনুমোদন ছাড়া কোনও ব্যক্তি দলের হয়ে আদালতে মামলা দায়ের করতে পারেন না বলেই ইডির দাবি। এই যুক্তির তীব্র বিরোধিতা করেন তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি।
তাঁর বক্তব্য, কোনও স্বীকৃত রাজনৈতিক দলের সাংগঠনিক পরিচয় বা বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তদন্তকারী সংস্থার নেই।
