
পুণের পর এবার অতিরিক্ত কাজের চাপে উত্তরপ্রদেশে এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর মৃত্যুর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, লখনউয়ের বিভূতিখণ্ড শাখার অ্যাডিশনাল ডেপুটি ভিপি ছিলেন ৪৫ বছরের সাদাত ফতিমা।
কাজ করতে করতেই আচমকা চেয়ার থেকে পড়ে গিয়ে মারা যান তিনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেন। সেই রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে দাবি পুলিশের। অন্যদিকে নিহত ব্যাঙ্ককর্মীর সহকর্মীদের দাবি, প্রবল কাজের চাপই তাঁর মৃত্যুর কারণ। দেশজুড়ে কাজের অতিরিক্ত চাপ নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই এক শীর্ষ ব্যাঙ্ককর্মীর এহেন পরিণতি ঘিরে বিতর্ক আরও বাড়ছে।মাত্র কয়েকদিন আগেই এমন এক ঘটনার সাক্ষী হয়েছিল পুণে। এক সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। সংস্থার চেয়ারম্যান রাজীব মেমানিকে একটি ই-মেল লিখে ওই কর্মীর মা অনিতা জানান, মাত্র চার মাস আগে অফিসে যোগ দিয়েছিলেন তাঁর মেয়ে। শুরু থেকেই অমানবিক চাপ দেওয়া হত।








