
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা সহ, দিল্লি, মুম্বইয়ের মোট ১১ জায়গায় হানা দিয়েছে ইডি। গঙ্গোত্রী এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার বিরুদ্ধে প্রায় দেড় হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে সেখানে হানা দেন ইডি আধিকারিকরা। এই গঙ্গোত্রী এন্টারপ্রাইজের সঙ্গেই জড়িত সমাজবাদী পার্টি নেতা শঙ্কর তিওয়ারি।
সিবিআই আগেই অভিযোগ করেছে, যে সপার প্রাক্তন বিধায়ক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সে টাকা অন্যত্র বিনিয়োগ করেছেন। এরপরেই ইডি মামলা করে। লখনউয়ের পাঁচটি জায়গা, নয়ডা, গোরক্ষপুর, মহারাজগঞ্জ, সীতাপর ও দিল্লির একটি করে জায়াগায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।
উল্লেখ্য, ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বে ব্যাঙ্কগুলির একটি কনসোর্টিয়ামের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইডি আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের এর অধীনে একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে তামিলনাড়ুর মন্ত্রী কে এন নেহরু এবং তাঁর পুত্র লোকসভা সাংসদ অরুণ নেহরুর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।
