
মধ্যপ্রদেশে কার্বাইড গান বাজিতে আহতের সংখ্যা ৩২০ হতেই, সেরাজ্যে কার্বাইড গান-কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আহতদের দেখতে শুক্রবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মোহন যাদব।
কার্বাইড বন্দুক নিষিদ্ধ বিস্ফোরক বলে জানিয়েছেন তিনি। এই রাজ্যের বিভিন্ন জেলায় টিন অথবা পাইপের তৈরি কার্বাইড বন্দুক নিয়ে খেলতে গিয়ে চোখ এবং শরীরে বিভিন্ন অঙ্গে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। আহতদের মধ্যে চোখের আঘাতের সংখ্যাই বেশি। মধ্যপ্রদেশ জুড়ে ৩২০ জন ইতিমধ্যেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। ভোপাল এবং এর আশপাশের অঞ্চল থেকেই ১৮৬টি ঘটনার খবর পাওয়া গিয়েছে। এরপরেই রয়েছে গোয়ালিয়র। সেখানে ৩৫টি ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে আহত হয়েছে শিশুরা।
ডাক্তাররা জানিয়েছেন, অনেকের দৃষ্টিশক্তি ফিরতে প্রায় ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে এই বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যাদব জানিয়েছেন, কার্বাইড বন্দুকগুলিকে অস্ত্র আইন ১৯৫৯, বিস্ফোরক আইন ১৮৮৪ এবং বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর অধীনে নিষিদ্ধ বিস্ফোরক হিসেবে গণ্য করা হবে।









