
বরানগরে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ তারিখ বরানগরের নর্দার্ন পার্কে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে।
গুলি চালালেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবহণ দফতরের বিকাশ মজুমদার। সেই সময় তিনি বাড়ির বাইরে ময়লা ফেলতে গিয়েছিলেন। খুনের চেষ্টার অভিযোগে বিকাশের স্ত্রী রেখা মজুমদার তাঁর প্রেমিক প্রদীপ দে এবং সুশান্ত আদক, মহম্মদ শামিম লস্করকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে রেখার সঙ্গে প্রদীপের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এজন্য স্বামীকে সরিয়ে দিতে প্ল্যান করেন রেখা এবং প্রদীপ। আর তাই সুশান্ত আদক এবং মহম্মদ শামিমকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে মনে করছে পুলিশ।
