
মণিপুরে অশান্তির আবহে ভারত-মায়ানমার সীমান্তের ৯.২১৪ কিলোমিটার কাঁটাতার দিয়ে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় সরকার।২০২৩-২০২৪ সালের রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মণিপুরের মোরেতে ভারত-মায়ানমার সীমান্তে ৯.২১৪ কিলোমিটার কাঁটাতার সংস্থাপনের কাজ শেষ হয়েছে।
কাঁটাতার বরাবর সীমান্ত-রাস্তা নির্মাণের কাজও সমান্তরালভাবে চলছে। এই প্রকল্পে নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপ দমনের পাশাপাশি অ্যাক্সেসযোগ্য উন্নতি ছাড়াও সীমান্তরক্ষীদের টহলে সুবিধা হবে। প্ৰকল্পের কাজ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে আরও বলা হয়েছে, উন্মুক্ত সীমান্ত চোরাচালান, অবৈধ অভিবাসন এবং জঙ্গি কার্যকলাপের একটি হটস্পটে পরিণত হয়েছে। মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্য ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীৰ্ঘ এলাকা মায়ানমার সীমান্ত-ঘেঁষা। এরমধ্যে অরুণাচল প্রদেশ ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ড ২১৫ কিলোমিটার, মণিপুর ৩৯৮ কিলোমিটার এবং মিজোরাম ৫১০ কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমার সীমান্তে অবস্থিত।
১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৪৭২ কিলোমিটার সীমান্তের সীমানা সমীক্ষার কাজ শেষ হয়েছে।
