
স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়নশিপ দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। থিবো কোর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলও দলকে রক্ষা করতে পারেনি।
শেষ সময়ে গোল হজম করে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে বার্সেলোনার হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।ওসাসুনার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল।ম্যাচটি জিতলে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু প্রথমার্ধে আান্তে বুদিমিরের পেনাল্টি এবং শেষ মুহূর্তে রাউল গার্সিয়ার গোলে আলভারো আরবেলোয়ার দলকে হার মানতে হয়। ম্যাচের ৩৮ মিনিটে থিবো কোর্তোয়া কাছ থেকে বুদিমিরের শট একহাতে অসাধারণভাবে ঠেকিয়ে দেন। পরে কর্নার থেকে আসা হেড পোস্টে লাগান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।প্রথমে বুদিমিরকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক কোর্তোয়া তাকে ফাউল করেছিলেন। ভিএআর মনিটর দেখে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে কোর্তোয়াকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন বুদিমির।৬৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড মাঠে নামার পর কিছুটা ছন্দ ফেরে রিয়ালের খেলায়। ম্যাচের ৭৩ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে বল জালে জড়ান তিনি। প্রায় পাঁচ মাস পর লিগে অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস। এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পে কাছ থেকে দারুণ শটে জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।নাটকীয়তা চরমে ওঠে শেষ মুহূর্তে।
বদলি নেমে রাউল গার্সিয়া দুর্দান্ত ভঙ্গিতে কোর্তোয়াকে পরাস্ত করলেও প্রথমে অফসাইডের পতাকা ওঠে। তবে ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
