
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা তরুণ তুর্কি হামজা আবদেলকারিম।
এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এই ১৮ বছর বয়সী তরুণের। মিশরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৭ ম্যাচে ১২ গোল করেছেন ফরোয়ার্ড আবদেলকারিম। হামজা জায়গা পেলেও মোস্তফা মোহামেদকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। নঁতের হয়ে খেলা অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মিশরের হয়ে ৬১ ম্যাচে করেছেন ১৪ গোল।মিশরের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সালাহ। এটিই সম্ভবত সালাহর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও হতে যাচ্ছে। আক্রমণভাগে সালাহর সঙ্গী হিসেবে থাকবেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড ওমর মারমুশ।এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মিশর। শেষ ২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছিল তারা।বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে ন্যাশনাল টিমস সেন্টারে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছেন তারা। ২৮ মে কায়রোর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর ৩০ মে আমেরিকার উদ্দেশে রওনা দেবে তারা।সেখানে ৬ জুন ওহাইওর ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে নিজেদের শেষ প্রীতি ম্যাচটি খেলবে।
এদিকে আমেরিকা, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে জি’ গ্রুপে খেলবে মিশর। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন ভ্যাঙ্কুভারে নিউ জিল্যান্ড এবং ২৭ জুন আবার সিয়াটলে ইরানের মুখোমুখি হবে মিশর।








