
লা লিগার মঞ্চে চ্যাম্পিয়নশিপ উৎসবের সব প্রস্তুতি যখন বার্সেলোনার দিকে ঝুঁকে পড়ছিল,ঠিক তখনই রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় জাকোবো রামোন তুলে আনলেন নাটকীয় এক মোড়।অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে তার করা গোলে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে বার্সার চ্যাম্পিয়নশিপ ঘরে তোলার অপেক্ষা আরও অন্তত একদিন বাড়িয়ে দিল রিয়াল।
ক্লাসিকোতে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ’র দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। যদি রিয়াল পয়েন্ট হারাত, তাহলে মাঠে না নামেই চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সা। কিন্তু রামোনের নির্ভরতায় হান্সি ফ্লিকের দলকে এখন এস্পানিওলের বিপক্ষে ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতেই হবে।সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল রিয়ালের দুঃস্বপ্নের মতো। ৪০ মিনিটে দুর্দান্ত এক নিচু শটে অতিথি দল মায়োর্কাকে এগিয়ে দেন মার্টিন ভালজিয়েন্ট।
এরপর একের পর এক আক্রমণ করলেও রিয়াল গোলের মুখ খুলতে পারছিল না।দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে সমতায় ফেরান নিখুঁত এক শটে। এরপরও গোলের সুযোগ নষ্ট করতে থাকে স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করেন জাকোবো রামোন। প্রতিপক্ষের বক্সে ডিফেন্ডারদের অগোছালো আচরণের সুযোগ নিয়ে কাছ থেকে ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন জাকোবো রামোন।









