
শুরুতে গোল হজমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। বিরতির পর তিন মিনিটের মধ্যে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে দু’বার বল পাঠালেন জুল কুন্দে। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল হান্সি ফ্লিকের দল। একই সঙ্গে নতুন রূপের কাম্প নউয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার উপলক্ষ রাঙাল কাতালান দলটি।
তারা জিতল ২-১ গোলে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।২০২১-২২ ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে কাম্প নউয়ে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই তেতো স্মৃতি সঙ্গী করে এবারের লড়াইয়ে নেমে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় স্প্যানিশ দলটি। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত লা লিগায় শেষ ছয় ম্যাচে জয়ী বার্সেলোনা।বক্সের বাইরে থেকে জেরার্দ মার্তিনের জোরাল শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক। ফ্রাঙ্কফুর্ট পাল্টা আক্রমণে ২১ মিনিটে গোলের জন্য নিজেদের প্রথম শটেই এগিয়ে যায়। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে ফাঁকি দেন আন্সগা। প্রথমার্ধে আর পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার তিন মিনিট পর দারুণ সুযোগ পান মার্কাস র্যাশফোর্ড।
বল নিয়ে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে রাফিনিয়াকে পাস দেন তিনি, লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫০ ও ৫৩ মিনিটে ফ্রাঙ্কফুর্টের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন কুন্দে। প্রথমে বাঁ দিক থেকে র্যাশফোর্ডের চমৎকার ক্রসে হেডে সমতা টানেন তিনি, এরপর লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে দলকে লিড এনে দেন ফরাসি ডিফেন্ডার।
